
দেশের ১৪ হাজার ৪৭৫টি কমিউনিটি ক্লিনিকের প্রায় ৩৫ শতাংশ ভবন সংস্কার বা প্রতিস্থাপনের প্রয়োজন। জরাজীর্ণ অবকাঠামো, জনবল সংকট, ওষুধের ঘাটতি এবং অনিয়মিত কার্যক্রমের কারণে ব্যাহত হচ্ছে প্রান্তিক মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা। আন্তর্জাতিকভাবে প্রশংসিত এই উদ্যোগের আওতায় থাকা অনেক ক্লিনিকে প্রয়োজনীয় সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের।৫ হাজারের বেশি ভবন সংস্কারের প্রয়োজন
সরকারি হিসাবে, দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রতিদিন প্রায় দেড় লাখ মানুষ প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ নেন। অথচ এসব ক্লিনিকের ৫ হাজারের বেশি ভবনের সংস্কার বা পুনর্নির্মাণ প্রয়োজন। কোথাও ছাদের রড বেরিয়ে গেছে, কোথাও খসে পড়ছে পলেস্তারা ও সিমেন্ট-বালু। কোনো ভবনের জানালা ভাঙা, কোথাও বৃষ্টির পানি ঢুকছে, আবার কোথাও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কিছু ক্লিনিক পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
